স্ফুলিঙ্গ ডেক্স :
খুলনার লবণচরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাজু হাওলাদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪ মে) মহানগরীর কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতের পেটে একটি গুলি বিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
আহত রাজু লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি এক পরিচিত নারীর বাড়িতে আশ্রয় নেন এবং পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ওই রাতেই তাকে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
তবে ভীতিজনক পরিস্থিতি তৈরি হয় যখন রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সটি রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছায়। সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা চলন্ত অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলিবর্ষণ করে। চালক ফারুক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে কাটাখালী হাইওয়ে থানায় আশ্রয় নেন।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, অ্যাম্বুলেন্সে হামলার পর পুলিশি প্রহরায় রাজুকে নিরাপদ সীমানা পার করে দেওয়া হয়েছে। বর্তমানে তাকে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম জানিয়েছেন, হামলার সঠিক সময় ও স্থান নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক তথ্যানুযায়ী, আহত রাজুর বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ছবি সংগৃহীত।


