স্ফুলিঙ্গ ডেক্স :
সারাদেশে যখন এসএসসি পরীক্ষা চলছে, তখন রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতির আলোয় পরীক্ষা দেওয়ার এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় ‘পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ কেন্দ্রে এই পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সকাল থেকেই কেন্দ্রটি বিদ্যুৎহীন ছিল। এরপর ঝড়বৃষ্টি শুরু হলে চারিদিক অন্ধকার হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা প্রশ্ন ও উত্তরপত্র দেখতে হিমশিম খায়। উপায়ান্তর না দেখে বড় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা গ্রহণ সম্পন্ন করেন শিক্ষকরা।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, গ্রিড লাইনে আগুন লাগার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আকস্মিক এই ত্রুটির কারণে বিকল্প সংযোগ দিতেও কিছুটা সময় লেগেছে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ এই ঘটনার জন্য সরাসরি কেন্দ্রসচিবের গাফিলতিকে দায়ী করেছেন। তিনি বলেন, “কেন্দ্রসচিব বিষয়টি আগে থেকে আমাকে জানাননি। আগাম তথ্য পেলে দ্রুত বিকল্প ব্যবস্থা বা জেনারেটরের ব্যবস্থা করা সম্ভব হতো।” ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে এলইডি লাইট ও চার্জার লাইটসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। ছবি সংগৃহীত।

