কালবৈশাখীর ছোবলে তিন জেলায় শিশুসহ ৫ প্রাণ ঝরল

কালবৈশাখীর ছোবলে তিন জেলায় শিশুসহ ৫ প্রাণ ঝরল

স্ফুলিঙ্গ ডেক্স :

সারাদেশে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সাথে আকস্মিক বজ্রপাতে গাইবান্ধা, বগুড়া ও নাটোরে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে পৃথক পৃথক স্থানে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন।

সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় বাড়ির পাশের রাস্তায় অবস্থানকালে বজ্রাঘাতে ঘটনাস্থলেই ফুয়াদ চৌধুরী (৩৩), ১২ বছরের শিশু রাফি চৌধুরী এবং মিজানুর রহমান (২০) নামের এক যুবক মারা যান। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত শামীম মিয়া (১৮) গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বিকেল পৌনে ৪টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে ছাগল আনতে যান তিনি। ঠিক সেই মুহূর্তে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাটোরের সিংড়ায় চলনবিলের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট মিয়া (২৬) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। সম্রাট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে ধান কাটার কাজে সিংড়ায় এসেছিলেন। ঝড় শুরু হলে বিশ্রামের ঘরে আশ্রয় নেওয়ার মুহূর্তে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি রাকিবুল ইসলাম। ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *