স্ফুলিঙ্গ ডেক্স :
বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক নারী নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন ঈশিতা আক্তার তিশা (১৮) নামে এক কলেজছাত্রী। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। আটক ঈশিতা সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টা থেকে বাউবি’র অধীনে এসএসসি প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিলেন বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। কিন্তু তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন প্রতিবেশী কলেজছাত্রী ঈশিতা। পরীক্ষার কক্ষে পরিদর্শক উত্তরপত্রে সই করার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ঈশিতা অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেত্রী নিপা খাতুন জালিয়াতির বিষয়টি অস্বীকার করে এক অদ্ভুত দাবি করেছেন। তিনি বলেন, “আমি পরীক্ষার সময় হাসপাতালে গিয়েছিলাম। সামান্য সময়ের জন্য আমার ভাগনিকে (ঈশিতা) কেন্দ্রে বসিয়ে রেখে গিয়েছিলাম। পরীক্ষা মূলত আমিই দিচ্ছিলাম।” তবে পরীক্ষার মাঝপথে অন্য কাউকে বসিয়ে রাখার এমন দাবিকে হাস্যকর বলছেন কেন্দ্র সংশ্লিষ্টরা।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, সম্পর্কে নিপা খাতুন তাঁর খালা হন। সেই সূত্র ধরেই তিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কেন্দ্র কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলেই তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।ছবি সংগৃহীত।

