স্ফুলিঙ্গ ডেক্স :
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে এক নারী শিক্ষিকাকে জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে দাওকান্দি সরকারি কলেজে ঢুকে প্রভাষক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা করেন আকবর আলী। ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, ওয়াজ মাহফিলের নামে ওই নেতা ও তাঁর সহযোগীরা কলেজে চাঁদা দাবি করতে এসেছিলেন। এর প্রতিবাদ করায় তাঁর ওপর হামলা চালানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে।
অবশ্য বহিষ্কৃত নেতা আকবর আলীর দাবি ছিল, আগের অনিয়মের হিসাব চাইতে গেলে ওই শিক্ষিকা প্রথমে তাঁকে থাপ্পড় মারেন, যার প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে দলীয় হাইকমান্ড কোনো অজুহাত আমলে না নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করল। ছবি সংগৃহীত।

