স্ফুলিঙ্গ ডেক্স :
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি সামাল দিতে দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে, শয্যা সংকটের অজুহাতে কোনো আক্রান্ত শিশুকে হাসপাতাল থেকে ফেরত দেওয়া যাবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালের বেড খালি না থাকলেও প্রয়োজনে অতিরিক্ত বেডের ব্যবস্থা করে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র জটিল রোগীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে অন্য হাসপাতালে রেফার করা যাবে। এই নিয়ম ভঙ্গ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৩৮ জন এবং উপসর্গ নিয়ে আরও ১৯০ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ মাত্র দেড় মাসে মোট ২২৮ জন শিশু প্রাণ হারিয়েছে। বর্তমানে প্রায় ২৭ হাজার ১৬৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৩ হাজার ৯৩৪ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান শুরু করা হয়েছে। এরপর ১২ এপ্রিল থেকে ঢাকার ৪ সিটি করপোরেশন এবং গত ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। ফাইল ছবি


