পাইপলাইন স্থাপনের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু

পাইপলাইন স্থাপনের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর হালিশহর ও আগ্রাবাদ সংযোগস্থলে ওয়াসা প্রকল্পের পাইপলাইন স্থাপনের সময় ভয়াবহ মাটি ধসের ঘটনা ঘটেছে। এতে গর্তের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুই জন। বুধবার (২২ এপ্রিল) দিনগত রাতে বড়পোল মোড় সংলগ্ন এক্সেস রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন রাকিব ও তুষার। তাঁদের উভয়ের বাড়ি দিনাজপুর জেলায়। এ ঘটনায় আহত সাগর ও এরশাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক্সেস রোডে ‘চীনা হাইড্রো’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ওয়সার গভীর পাইপলাইন বসানোর কাজ চলছিল। রাতে খননকাজ চলাকালে হঠাৎ ওপর থেকে মাটির বিশাল একটি স্তূপ চার শ্রমিকের ওপর ধসে পড়ে। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, গভীর রাতে খননকাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির স্তূপ রাখার ক্ষেত্রে অসতর্কতার কারণেই এই ধস হতে পারে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতরা বর্তমানে পর্যবেক্ষণে আছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বা ওয়াসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *