যবিপ্রবিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন

যবিপ্রবিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন

শহিদ জয়:
সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের কাছে লিফলেট হস্তান্তরের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী মনিটরিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হোসেন আল মামুনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রিজেন্ট বোর্ডের গঠিত মনিটরিং কমিটি ইতোমধ্যে বিভিন্ন বিভাগ, দপ্তর ও আবাসিক হলে তদারকি শুরু করেছে। পাশাপাশি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে স্ট্যান্ড ব্যানার স্থাপন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।
উদ্বোধনের দিন প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হাতে লিফলেট তুলে দেন কমিটির সদস্যরা। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও আবাসিক হলগুলোতে এই কর্মসূচি চালু থাকবে বলে জানা গেছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার স্থাপন করা হয়েছে এবং নিয়মিত তদারকির মাধ্যমে নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হবে।
লিফলেটে উল্লেখিত নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, অপ্রয়োজনীয় লাইট ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা, অফিস শেষে সকল যন্ত্রপাতি বন্ধ রাখা, করিডোর ও কম প্রয়োজনীয় স্থানে সীমিত লাইট ব্যবহারসহ বিভিন্ন নির্দেশনা মানতে হবে। এছাড়া এসির ব্যবহার নিরুৎসাহিত করে প্রয়োজন হলে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা পরিহার, সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার এবং বিভিন্ন অনুষ্ঠানে গ্যালারি ব্যবহারে নিরুৎসাহিত করার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *