আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার স্বপ্ন কেড়ে নিল উত্তাল ভূমধ্যসাগর। গত শুক্রবার (২৭ মার্চ) গ্রিসের ক্রিট দ্বীপের কাছ থেকে একটি বিধ্বস্ত রাবার বোট থেকে ২৬ জনকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষা বাহিনী। তবে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ছয় দিনের এই যন্ত্রণাদায়ক যাত্রায় খাবার ও পানির অভাবে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন, যাদের বড় অংশই বাংলাদেশি ও সুদানের নাগরিক।
গ্রিক কোস্টগার্ড ও আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের তথ্যমতে, গত ২১ মার্চ লিবিয়ার তোবরুক বন্দর থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশে রওনা দেয়। টানা ছয় দিন মাঝসমুদ্রে ভাসতে থাকা নৌকাটিতে কোনো খাবার বা পানীয় ছিল না। তীব্র অনাহার এবং প্রতিকূল আবহাওয়ার মুখে দিশেহারা হয়ে পড়েন যাত্রীরা। যারা মারা গেছেন, পাচারকারীদের নির্দেশে তাদের মরদেহ সাগরেই ফেলে দেওয়া হয় বলে জানিয়েছেন জীবিতরা।
উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যে ২১ জনই বাংলাদেশের নাগরিক। বাকিদের মধ্যে ৪জন দক্ষিণ সুদান ও ১ জন চাদের অধিবাসী। এই ঘটনায় জড়িত সন্দেহে দক্ষিণ সুদানের দুই পাচারকারীকে (বয়স ১৯ ও ২২ বছর) গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে মানবপাচার ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০২৬ সালের প্রথম দুই মাসেই ভূমধ্যসাগরে প্রাণহানির ঘটনা গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। গত বছরের প্রথম দুই মাসে যেখানে ২৮৭ জন মারা গিয়েছিলেন, এ বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৯ জনে।
সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা ,ফাইল ছবি।

