মালদ্বীপে সেহরি রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ: প্রাণ হারালেন ৫ বাংলাদেশি

মালদ্বীপে সেহরি রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ: প্রাণ হারালেন ৫ বাংলাদেশি

স্ফুলিঙ্গ ডেস্ক :পবিত্র রমজান মাসের সেহরি রান্নার সময় মালদ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) ভোরে দেশটির ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কোম্পানির লেবার কোয়ার্টারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে লেবার কোয়ার্টারের প্রবাসীরা সেহরি তৈরির জন্য রান্নাঘরে যান। এসময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো কোয়ার্টারে আগুন ধরে যায়। ওই কোয়ার্টারে ৩৮ জন বাংলাদেশি অবস্থান করছিলেন, যাদের মধ্যে রান্নাঘরের কাছাকাছি থাকা ৭ জন গুরুতর দগ্ধ হন। বাকিরা অন্য রুমে থাকায় প্রাণে বেঁচে গেলেও কোয়ার্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এছাড়া দগ্ধ অবস্থায় জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন নামের আরও দুই বাংলাদেশিকে রাজধানী মালে-র একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

​শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হাইকমিশন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। বর্তমানে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে অবস্থান করে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। একই সাথে নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

মালদ্বীপের স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। সিলিন্ডারের ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ছবির সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *