স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকারসহ দুই ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঝিকরগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামস্থ মুছা মাহমুদের প্লট জমি থেকে তাঁদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— ঝিকরগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর গ্রামের মৃত মুরারী মোহন বসুর ছেলে কাশিনাথ বসু (৪৫) এবং একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. আজিজুর রহমান (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই বাবলা দাসের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম কৃষ্ণনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মুছা মাহমুদের প্লট থেকে কাশিনাথ ও আজিজুরকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের তল্লাশি করে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁদের ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। উল্লেখ্য, একই দিনে এসআই বাবলা দাস শার্শার নিজামপুর থেকে ওপর এক মাদক ব্যবসায়ী মোশারফকেও ১০০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছেন। ছবি সংগৃহীত।


