আদালতে কথা বলায় ক্ষুব্ধ হয়ে পেপারওয়েট নিক্ষেপ!

আদালতে কথা বলায় ক্ষুব্ধ হয়ে পেপারওয়েট নিক্ষেপ!

স্ফুলিঙ্গ ডেক্স :

গোপালগঞ্জে বিচারকার্য চলাকালীন এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে মেরে এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে রক্তাক্ত করার নজিরবিহীন অভিযোগ উঠেছে এক বিচারকের বিরুদ্ধে। এতে গুরুত্বর আহত ওই আইনজীবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট বিচারকের আমলি বা বিচারিক ক্ষমতা (কগনিজেন্স পাওয়ার) প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

​গত বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিযুক্ত বিচারকের নাম মো. সুজন মিয়া।

আদালত সূত্র ও উপস্থিত আইনজীবীরা জানান, বিচারকার্য চলাকালীন এজলাসের পিছনের সারিতে থাকা কয়েকজন আইনজীবীর কথা বলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারক মো. সুজন মিয়া। প্রাথমিক অবস্থায় তিনি টেবিলে আঘাত করে সবাইকে শান্ত থাকার সংকেত দেন। তবে শব্দ অব্যাহত থাকায় তিনি ক্ষিপ্ত হয়ে টেবিলে থাকা ভারী কাচের পেপারওয়েটটি ছুড়ে মারেন। সেটি সরাসরি গিয়ে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথার ডান পাশে আঘাত করে এবং রক্তাক্ত জখম হয়।

​পরবর্তীতে সহকর্মীরা উদ্ধার করে তাঁকে অবিলম্বে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন সাবিহা সুলতানা জানান, “আমি নিশ্চুপ হয়ে আমার নিজস্ব নথিপত্র দেখছিলাম, হঠাৎ তীব্র আঘাত পেয়ে দেখি কপাল ও মাথা দিয়ে রক্ত ঝরছে এবং সামনে পেপারওয়েটটি পড়ে রয়েছে।”

ঘটনার পরপরই জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিকভাবে তীব্র প্রতিবাদ ও বিচারকের অপসারণের দাবি জানান। ঘটনার সতত্য নিশ্চিত করে গোপালগঞ্জ জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারক সুজন মিয়ার আমলি ক্ষমতা ইতোমধ্যে কেড় নেওয়া হয়েছে।

​জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ আলম সেলিম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বিচারকের কাছ থেকে এ ধরনের চরম অসংবেদনশীল আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচারিক কার্যক্রম যেন স্থবির না হয়, তাই অন্য বিচারক দিয়ে দায়িত্ব পালনের আবেদন জানিয়েছিলাম। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়েছেন।”

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, এ বিষয়ে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার সকালে জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইনজীবী নেতাদের সাথে এক জরুরি বৈঠকে বসবেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *