স্ফুলিঙ্গ ডেক্স :
নাটোরে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জের ধরে চার বছরের অবুঝ কন্যাসন্তানের চোখের সামনেই সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বুলবুলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার মর্মান্তিক অভিযোগ উঠেছে ঘাতক স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে নিজ বাড়িতে এই শিউরে ওঠার মতো পৈশাচিক ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বুলবুলি খাতুন ও তাঁর স্বামী আব্দুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে অসন্তোষ ও কলহ চলছিল। আজ বিকেলেও তাঁদের চার বছরের ছোট মেয়ের সামনেই দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বুলবুলির শরীরে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর বুলবুলির কাতরাতে দেখে এবং শিশুর আর্তচিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। তাঁরা গুরুতর আহত বুলবুলিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। একই সাথে পুলিশ গ্রামজুড়ে জোরদার অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আত্মগোপনে থাকা অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় মামলা দায়ের ও অন্যান্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলছে। গৃহবধূকে হত্যার পেছনের আসল রহস্য ও কারণ উন্মোচনে অধিকতর তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

