প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক। তাদের প্রতি করুণা নয়, সম্মান, ভালোবাসা এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। তাদের যথাযথ পরিচর্যা, আধুনিক শিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করা সম্ভব। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশ নিয়ে তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, নিরাপদ পরিবেশ এবং সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *