স্ফুলিঙ্গ ডেক্স :
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-২২৬’ বিশেষ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় সকল আইনি ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ৮টার দিকে কফিনবন্দি লাশগুলো তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দরে নিহতদের পিতা, ভাই ও নিকটাত্মীয়রা কান্নায় ভেঙে পড়ে কফিনগুলো গ্রহণ করেন।
বিমানবন্দর থেকে স্বজনরা মরদেহগুলো অ্যাম্বুলেন্সে করে কানাইঘাটের নিজ নিজ গ্রামে নিয়ে গেছেন। আজ দুপুরের মধ্যেই তাঁদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করার কথা রয়েছে। ৫ তরুণ প্রবাসীর নিথর দেহ গ্রামে পৌঁছালে পুরো কানাইঘাট উপজেলা জুড়ে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সিলর মাশহুদুল কবির এই প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সম্পূর্ণ অর্থায়নে ও সরকারি বিশেষ ব্যবস্থাপনায় মরদেহগুলো দ্রুততম সময়ে দেশে পাঠানো হয়েছে। কাতার স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ৫টি মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
উল্লেখ্য, গত ২১ জুন কাতার স্থানীয় সময় সকাল ১০টার দিকে শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয় প্রবাসীদের বহনকারী গাড়িটি। এতে ঘটনাস্থলেই এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রাণ হারান। নিহত ৫ বাংলাদেশির সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
নিহতদের পরিচয়:
-
আব্দুল কাদির: কানাইঘাটের দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
-
মুস্তাক আহমদ আফনান: মাঝতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে।
-
জুবায়ের আহমদ: একই গ্রামের মরা মিয়ার ছেলে।
-
জসিম উদ্দিন: ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
-
জিবাল আহমদ: আমরপুর গ্রামের আব্দুন নুরের ছেলে।
দুর্ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সকল প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো দ্রুত দেশে স্বজনদের কাছে প্রেরণ করায় বাংলাদেশ সরকার, কাতার দূতাবাস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।ছবি সংগৃহীত।

