চৌগাছায় দিন দুপুরে দোকানে চুরি !

চৌগাছায় দিন দুপুরে দোকানে চুরি !

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছা পৌর সদরে দিনে-দুপুরে একটি মোবাইল ব্যাংকিং ও ফুলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ওজু করতে যাওয়ার সুযোগে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দোকানের ড্রয়ার ভেঙে বিকাশ ও নগদের নগদ টাকাসহ প্রায় ১ লাখ ৩৯ হাজার টাকার মূল্যের সামগ্রী লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (৮ জুন ২০২৬) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে চৌগাছা পৌরসভার লাইট চত্বর মোড় এলাকায় অবস্থিত ‘হুসাইন টেলিকম ও ফুলঘর’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আলী হুসাইন জানান, দুপুরে যোহরের নামাজের উদ্দেশ্যে তিনি দোকান খোলা রেখেই সামান্য দূরে ওজু করার জন্য যান। এই সামান্য সময়ের সুযোগ নিয়ে ওৎ পেতে থাকা চোর চক্র দোকানে প্রবেশ করে। দুর্বৃত্তরা দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙে বিকাশ ও নগদের লেনদেনের ১ লাখ ৭ হাজার টাকা, ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মোবাইল অপারেটরের রিচার্জ কার্ড এবং ড্রয়ারে থাকা আরও ২ হাজার টাকার খুচরা অর্থ লুটে নিয়ে নির্বিঘ্নে চম্পট দেয়।

ওজু শেষে আলী হুসাইন দোকানে ফিরে এসে ড্রয়ার ভাঙা এবং টাকা-পয়সা সব হাওয়া হয়ে যাওয়ার বিষয়টি টের পান। ব্যস্ততম পৌর এলাকায় দিনের আলোতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ ও চোর চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী জানিয়েছেন।ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *