নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: ফরিদপুরের সালথায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাতাগ্রাম এলাকার হেমায়েত মাতুব্বর ও ফারুক মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মাতুব্বররা বিষয়টি মীমাংসার জন্য জমি মাপার উদ্যোগ নেন। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই তা বড় সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষের প্রায় ২০০ থেকে ৩০০ লোক দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় হামলাকারীরা মেহেদী মুন্সী, মিন্টু মুন্সী, সেলিম মুন্সীসহ অন্তত ৮টি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। সংঘর্ষে আহতদের মধ্যে আব্বাস মাতুব্বর, তমিজদ্দিন মাতুব্বর, আসাদ শেখসহ ৭ জনকে গুরুত্বর অবস্থায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্দ্রজিৎ মল্লিক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি ভিডিও থেকে নেয়া।


