শহিদ জয়:
খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ২৪৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে রূপসা থানার ইলাইপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সিপিসি সদর কোম্পানির একটি দল ইলাইপুর এলাকার সাউদার্ন ফুডস লিমিটেডের সামনে রূপসা-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান চালায়। এ সময় সোনিয়া (২৬) ও মোঃ বাদল মোল্লা (৪৫) নামে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রূপসা উপজেলার মাছুয়াডাঙ্গা গ্রামের মোঃ জয়নাল আবেদীন শেখের মেয়ে সোনিয়া এবং মিল্কি দেয়ারা গ্রামের মৃত কুদ্দুস মোল্লার ছেলে মোঃ বাদল মোল্লা।
অভিযানকালে তাদের কাছ থেকে ২৪৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
ছবি-সংগৃহীত


