স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরের অভয়নগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে নওয়াপাড়া পৌরসভার একতারপুর ক্লিনিক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সালাউদ্দীনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। একতারপুর ক্লিনিক রোডের জনৈক ফিরোজ সরদারের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচার খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে হানা দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন হোসেনকে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন যে তার কাছে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সুমন হোসেন অভয়নগর থানার একতারপুর (ক্লিনিকপাড়া) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। ডিবি পুলিশ জানায়, সুমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ছবি সংগৃহীত


