স্ফুলিঙ্গ রিপোর্ট :
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এক বিশেষ অভিযানে ১০টি মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত শীর্ষ পলাতক আসামি মো. ডালিম (৩০)-কে গ্রেফতার করেছে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খালিশপুর থানাধীন ক্রিসেন্ট জুট মিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
কেএমপি ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম ক্রিসেন্ট জুট মিল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দীর্ঘ দিন ধরে পলাতক থাকা মো. ডালিমকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত মো. ডালিম (৩০) খালিশপুর হাউজিং এলাকার (দক্ষিণ-পশ্চিম ব্লক) মো. আঃ গনি মিয়ার ছেলে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী ডালিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। একটি মামলায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। অধিকাংশ মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল।
গ্রেফতারকৃত ডালিমকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। কেএমপি ডিবি জানিয়েছে, নগরীর শীর্ষ অপরাধী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ছবি-সংগৃহীত


