স্ফুলিঙ্গ রিপোর্ট : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

যশোর ডিবি পুলিশের এক ঝটিকা অভিযানে ১১০ পিস ইয়াবাসহ মাসুদ হোসেন ওরফে মাসুদ রানা (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার এনায়েতপুর গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাবলা দাস ও এএসআই নির্মল কুমার ঘোষের নেতৃত্বে একটি চৌকস দল এনায়েতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাসুদের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তার পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১১০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মাসুদ রানা যশোর সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়া এলাকার নওশের মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
যশোর ডিবি পুলিশ জানিয়েছে, আটক মাসুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।ছবি সংগৃহীত।


