সাতক্ষীরায় কালবৈশাখীর মরণ ছোবল : লণ্ডভণ্ড ঘরবাড়ি

সাতক্ষীরায় কালবৈশাখীর মরণ ছোবল : লণ্ডভণ্ড ঘরবাড়ি

স্ফুলিঙ্গ ডেক্স :

সাতক্ষীরায় হঠাৎ হানা দেওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে জনজীবন। গতকাল রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে শুরু হওয়া এই প্রলয়ংকরী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক তছনছ হয়েছে। ঝড়ের তীব্রতায় বহু ঘরবাড়ির চাল উড়ে যাওয়ার পাশাপাশি উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা, ফলে খোলা আকাশের নিচে মানবেতর রাত কাটাতে হয়েছে কয়েকশ মানুষকে।

শহরের সুলতানপুর এলাকায় ঝড়ের আঘাত ছিল সবচেয়ে ভয়াবহ। সেখানে অন্তত ১৫টি পরিবারের বসতঘরের টিনের চাল বাতাসের তোড়ে খড়কুটোর মতো উড়ে গেছে। ঘরের ভেতর থাকা আসবাবপত্র ও শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। ক্ষতিগ্রস্তরা জানান, ঝড়ের শব্দ আর তীব্রতা এতই বেশি ছিল যে তারা প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন।

ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি শিলাবৃষ্টির বড় আঘাত লেগেছে কৃষিতে। বিশেষ করে সাতক্ষীরার প্রধান অর্থকরী ফসল আমের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে ঝরে গেছে বাগানের অর্ধেকের বেশি আম, যা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাগান মালিক ও চাষিরা।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত জানিয়েছেন, রাত থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *