
স্ফুলিঙ্গ রিপোর্ট :সোমবার, ২৩ মার্চ ২০২৬
নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকালে রিতা বেগম (৩৮) নামের দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় নিহতের ডান পা লোহার শিকলে তালাবদ্ধ অবস্থায় আড়ার সাথে ঝুলন্ত ছিল, যা পুরো এলাকায় ব্যাপক রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত রিতা বেগম এড়েন্দা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রিতা বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের দাবি অনুযায়ী, ভারসাম্যহীন আচরণের কারণে তাকে একটি ঘরে আলাদাভাবে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। সোমবার সকালে ওই ঘরের আড়ার সাথে ওড়নায় প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা।
মরদেহ উদ্ধারের সময়ও নিহতের পায়ে শিকল থাকায় এটি সাধারণ আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। এদিকে নিহতের স্বামী রবিউল ইসলাম আগে থেকেই একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় বর্তমানে পলাতক থাকায় তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে নিহতের শাশুড়ি বুলিনা বেগম গণমাধ্যমকে জানান:”রিতা মানসিক ভারসাম্যহীন ছিল, তাই সে যেন কোথাও চলে না যায় বা নিজের ক্ষতি না করে, সেজন্য তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।”
এদিকে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান,ময়নাতদন্তের রিপোর্ট এলেই এটি হত্যা না কি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফাইল ছবি


