যশোরের জিয়া নারীসহ রাত কাটাতে ‘জজ’ সাজলেন

স্ফুলিঙ্গ ডেক্স :

পাবনার ঈশ্বরদী থানায় নারীসহ রাত কাটানোর জন্য নিজেকে জেলা সহকারী জজ পরিচয় দিয়ে ধরা খেলেন যশোরের এক ব্যক্তি। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় এই নাটকীয় ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পির মোহাম্মদ আলী, যিনি যশোর শহরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এক নারীকে সাথে নিয়ে ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামানের কক্ষে প্রবেশ করেন সৈয়দ জিয়া। সেখানে তিনি নিজেকে যশোর জেলা সহকারী জজ হিসেবে পরিচয় দেন। পরিচয় দিয়েই তিনি দাবি করেন, তাকে এবং সাথে থাকা নারীকে পুলিশি পাহারায় নিরাপদ রাত্রীযাপনের ব্যবস্থা করে দিতে হবে।

থানায় বসে একজন বিচারকের এমন অদ্ভুত দাবি এবং তার কথাবার্তায় অসঙ্গতি দেখে ওসির সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় যাচাই-বাছাই শুরু করেন। তদন্তে বেরিয়ে আসে, আটক ব্যক্তি কোনো বিচারক নন, বরং একজন পেশাদার প্রতারক। তিনি একসময় ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন, কিন্তু দুর্নীতির দায়ে চাকরি হারান। এদিকে জালিয়াতি ধরা পড়ার ইঙ্গিত পেয়ে সাথে থাকা ওই নারী কৌশলে চম্পট দেন।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে ওই ব্যক্তি থানায় এসেছিলেন। সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ছবি-সংগৃহীত, সূত্র কালবেলা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *