স্ফুলিঙ্গ রিপোর্ট : ১৬ মার্চ, ২০২৬
যশোর, খুলনা ও নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক আতঙ্কের নাম নাসির শেখ গোফরান। নিষিদ্ধ ‘বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র ছদ্মবেশে দীর্ঘ সময় ধরে যিনি চালিয়েছেন চাঁদাবাজি ও সশস্ত্র দাপট, সেই দুর্ধর্ষ নেতা অবশেষে ধরা পড়েছেন পুলিশের গোয়েন্দা জালে। গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে গোফরান ও তার ঘনিষ্ঠ সহযোগী সোহেল রানাকে গ্রেফতার করেছে।
অনুসন্ধানে জানা গেছে, গোফরান কেবল একজন অপরাধীই নন, তিনি এলাকায় একটি নিজস্ব সশস্ত্র ক্যাডার বাহিনী গড়ে তুলেছিলেন। তার বিরদ্ধে হত্যা, অস্ত্র এবং চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় অন্তত ২০টিরও বেশি মামলা রয়েছে। অভয়নগর এবং নওয়াপাড়া শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের কাছে তিনি ছিলেন এক মূর্তমান আতঙ্ক। চাঁদা না দিলেই চলত সশস্ত্র হামলা ও লুটতরাজ।
গোফরানের পতন ঘণ্টার শুরু হয় গত ১ মার্চ। ওই রাতে অভয়নগরের গোপিনাথপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ৫ লাখ টাকা দাবি করে তার বাহিনী। সেই অভিযানে নগদ টাকা ছাড়াও মোটরসাইকেল ও ল্যাপটপ লুটে নেয় তারা। এই দুঃসাহসিক চুরির পরেই নড়েচড়ে বসে প্রশাসন। ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে। শেষমেশ খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রাম থেকে এই দুর্ধর্ষ সন্ত্রাসীকে পাকড়াও করা হয়।
সোমবার দুপুরে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এই বড় সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, এই চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত থাকবে। গোফরানের এই গ্রেফতারে নওয়াপাড়া ও অভয়নগর এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


