নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে তেলের তীব্র সংকট ও পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন কয়েকশ’ মোটরসাইকেল চালক। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিভিন্ন কোম্পানির বিক্রয়কর্মী ও এসআর সমিতির সদস্যরা প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কালীগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অধিকাংশ পাম্পে সরবরাহ বন্ধ থাকায় মোটরসাইকেল চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। যেসব পাম্প খোলা রয়েছে, সেখানে ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না চালকরা। এতে পেশাগত কাজ ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ চালকরা আজ সকালে একযোগে উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শিপলু জামান অভিযোগ করেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। পণ্য সরবরাহ ও জরুরি যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তিনি দ্রুত এই সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।
খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি পরিবেশক সমিতির নেতাদের আশ্বস্ত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশাসনের এই আশ্বাসের পর বিক্ষোভকারীরা ঘেরাও কর্মসূচি তুলে নেন।
ছবি ভিডিও থেকে নেয়া।


