শরীফ স্বাধীন: মাগুরা, ২৮-০৩-২৬।
নবাগত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফ) মিরাজুল ইসলাম। নবাগত পুলিশ সুপার ২৭তম বিসিএস এর মাধ্যমে পুলিশ সার্ভিসে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি চলতি মাসের ২৫ মার্চ মাগুরা জেলায় যোগদানের আগে উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।
মতবিনিময় ও পরিচিতি সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান এবং গণমাধ্যমের সঙ্গে জেলা পুলিশের কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নবাগত পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের আগাম তথ্য আমাদের কাজের সহযোগিতা বাড়ায়। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
তিনি আরও বলেন, আমি যেহেতু সৃজনশীল মানুষ অতএব এই জেলায় মাদক এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম কমাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।


