ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে এক বুকফাটা আর্তনাদ আর কান্নায় ভারি হয়ে উঠেছে আকাশ। যমজ দুই ভাই, যারা ছিল মা-বাবার দীর্ঘ বছরের সাধনার ধন, এক নিমেষেই তারা পিষ্ট হলো ট্রেনের চাকায়। বুধবার (১ এপ্রিল) দুপুরে ভূষণা লক্ষণদিয়া গ্রামের রেলগেট এলাকায় ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় সাড়ে চার বছরের দুই শিশু তাইব ও তাহমিদের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পুরো উপজেলা।
নিহতদের বাবা আকাশ শেখ ফরিদপুরে কসমেটিকসের দোকানে কাজ করার সময় খবর পান তার কলিজার টুকরো দুটি নিখোঁজ। বাড়িতে মা ও স্বজনরা প্রায় ২০ মিনিট ধরে দিগ্বিদিক খুঁজেও তাদের পাচ্ছিলেন না। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনটি যখন এলাকা অতিক্রম করে, তখনই জানা যায়—সব শেষ। ট্রেনের নিচে পড়ে নিথর হয়ে আছে যমজ দুই ভাই।
এলাকাবাসী জানান, বিয়ের অনেক বছর পর এই যমজ সন্তানদের মুখ দেখেছিলেন আকাশ শেখ ও তার স্ত্রী। সন্তানদের ঘিরেই ছিল তাদের জীবনের সব স্বপ্ন। কিন্তু এক মুহূর্তের অসাবধানতায় রেললাইন কেড়ে নিল তাদের সেই বেঁচে থাকার অবলম্বন।
মধুখালী জংশনের স্টেশন মাস্টার কাউছার মাহমুদ ও থানার ওসি ফকির মো. তাইজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলওয়ে পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় এখন কেবলই শোকের মাতম।
ফাইল ছবি


