ভবদহের জলাবদ্ধতা দূর করতে প্রতিমন্ত্রীর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

ভবদহের জলাবদ্ধতা দূর করতে প্রতিমন্ত্রীর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার বুরুলি খালের তিন কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকালে বুরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই খনন কাজের সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে একসময় দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল, যা বাংলাদেশের কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক সংকীর্ণতার কারণে দীর্ঘ সময় দেশের সাধারণ মানুষ এই সেবা থেকে বঞ্চিত হয়েছে। তিনি মন্তব্য করেন, অন্য সরকারগুলো এই কর্মসূচির গুরুত্ব বুঝলেও কেবল ভিন্ন রাজনৈতিক আদর্শের কারণে এবং মানুষের মনে জিয়াউর রহমানের স্মৃতি অম্লান হয়ে থাকবে—এমন আশঙ্কায় এটি বন্ধ রেখেছিল। এতে শেষ পর্যন্ত জনগণেরই ক্ষতি হয়েছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী জনস্বার্থে পুনরায় এই কর্মসূচি চালু করেছে বিএনপি সরকার।

অমিত আরও উল্লেখ করেন, সরকার এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার একটি স্থায়ী সমাধান নিশ্চিত করতে চায়। এরই অংশ হিসেবে ভবদহ এলাকায় ২১টি অভ্যন্তরীণ খাল এবং ৮১.৫০ কিলোমিটার নদ-নদী পুনঃখননের কাজ বর্তমানে চলমান রয়েছে। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ২১ ভেন্ট স্লুইস গেটের ১৭টি কপাট খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিমন্ত্রী নিজে মাটি কেটে বুরুলি খালের খনন কাজ শুরু করেন। স্থানীয়রা জানান, এই খালটি পুনঃখনন করা হলে বুরুলি, পাথরা ও পাঁজিয়াসহ আশপাশের পাঁচটি বিলের পানি সহজেই নদীতে নামতে পারবে, যার ফলে কৃষকরা জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে পুনরায় জমিতে ফসল ফলাতে সক্ষম হবেন।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *