বাসের ধাক্কায় দুই বন্ধুর করুণ মৃত্যু

বাসের ধাক্কায় দুই বন্ধুর করুণ মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স : ২৬ মার্চ ২০২৬

ভোরের কুয়াশাভেজা মহাসড়ক দিয়ে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে চেপে স্বপ্নের সৈকত কক্সবাজার যাচ্ছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। চট্টগ্রামের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাসের নিষ্ঠুর ধাক্কায় না ফেরার দেশে চলে গেলেন ঢাকার উত্তরখানের দুই যুবক। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই পর্যটক হলেন—ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)। তারা দুজনই পেশায় পর্যটক ও মোটরসাইকেল ভ্রমণপ্রিয় ছিলেন।

চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শরীফুল ও রাইসুল তাদের আরও কয়েকজন বন্ধুর সঙ্গে আলাদা আলাদা মোটরসাইকেলে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ভোরবেলায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল-সবুজ’ পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেল ও একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। বাসের প্রচণ্ড আঘাতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারী বাসটি ফেলে পালিয়ে গেছে। পুলিশ ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *