নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী কন্যাসন্তান তাবাসসুমকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে জন্মদাত্রী মা আরিফা বেগমের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এই পৈশাচিক ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মাকে আটক করেছে এবং তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন।
নিহত শিশু তাবাসসুম সদর উপজেলার আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী মানিক চান মোল্যার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় বছর আগে বিয়ে হওয়া আরিফা সন্তান জন্মের পর থেকেই আলোকদিয়া গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে যে, আরিফা তার নিজের সন্তানকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত শিশুর চাচা শামিম মোল্যা বুকফাটা আর্তনাদ করে জানান, তার প্রবাসী ভাই কুয়েত থেকে ফোন করে আজই স্ত্রী-সন্তানকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু ভাই বাড়ি ফেরার আগেই তাকে ভাতিজির মৃত্যুসংবাদ শুনতে হলো। তিনি শিশুর গলায় স্পষ্ট আঘাতের দাগ দেখার দাবি করেছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানিয়েছেন, অভিযুক্ত মা আরিফা বেগমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কেন এই হত্যাকাণ্ড, তার নেপথ্যে কোনো মানসিক সমস্যা না কি পারিবারিক কলহ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ফাইল ছবি।

