স্ফুলিঙ্গ ডেক্স : ২৭ মার্চ ২০২৬
বাইরে বড় বড় অক্ষরে লেখা ‘তেল নেই’, কিন্তু পাম্পের ভেতরে গেলেই দেখা গেল ভিন্ন চিত্র! প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে তেল না দিয়ে ফিরিয়ে দেওয়ার দায়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, ওই পাম্পটি ‘তেল নেই’ সম্বলিত ব্যানার ঝুলিয়ে কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ করে দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে তেলের মজুত পরীক্ষা শুরু করে।
পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংকে তল্লাশি চালিয়ে দেখা যায়, সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন—সব মিলিয়ে ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি তেল মজুত রয়েছে। পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও গ্রাহকদের হয়রানি ও জালিয়াতির আশ্রয় নেওয়ায় পাম্পটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও জাকির মুন্সী বলেন, “মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করা অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” অভিযানে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবি সংগৃহীত



