স্ফুলিঙ্গ ডেক্স :
পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জেরে ইমরান হোসেন সোহাগ (২৬) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার সাঁড়া গোপালপুর এলাকায় এই পৈশাচিক ঘটনা ঘটে। নিহত সোহাগ স্থানীয় বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে এবং ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে সোহাগ তার বন্ধুদের সঙ্গে রেললাইনের পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় একদল মুখ বাঁধা সন্ত্রাসী অতর্কিতভাবে সেখানে হানা দেয়। তারা প্রথমে গুলি চালায় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে সোহাগকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সোহাগের মাথার একটি অংশ অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।
ছবি-সংগৃহীত


