স্ফুলিঙ্গ ডেক্স: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশিকা প্রকাশ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজিটাল পদ্ধতিতে জি-টু-পি (গভর্নমেন্ট টু পারসন) প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি অভিভাবকের হাতে এই অর্থ পৌঁছে দেয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থীর মা না থাকলে বাবা বা বৈধ অভিভাবক এই সুবিধা পাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উপবৃত্তির আওতায় আসবে। একটি পরিবারের সর্বোচ্চ দুজন শিক্ষার্থী এই সুবিধা ভোগ করতে পারবে।
নির্দেশিকা অনুযায়ী, প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা মাসে ৭৫ টাকা করে পাবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী মাসিক ১৫০ টাকা এবং একই পরিবারের দুজন হলে ৩০০ টাকা পাবে। এ ছাড়া যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালু রয়েছে, সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাসে ২০০ টাকা এবং একই পরিবারের দুজন হলে ৪০০ টাকা করে বরাদ্দ পাবে। এই অর্থ দিয়ে শিক্ষার্থীরা স্কুলব্যাগ, ছাতা, পোশাক, জুতা ও টিফিন বক্সের মতো প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে পারবে।
তথ্য ও ছবি সময় টিভি।


