স্ফুলিঙ্গ রিপোর্ট : সন্তানকে হত্যার হুমকি দিয়ে প্রবাসে থাকা স্ত্রীর কাছে টাকা দাবি-এমনই এক রোমহর্ষক ঘটনার সাক্ষী হলো চুয়াডাঙ্গার জীবননগর। নিজের আট বছরের শিশু সিয়ামকে অপহরণ করে গলায় হাসুয়া ঠেকিয়ে মুক্তিপণ চাওয়ার অভিযোগে বাবা আজিজুল ও তার বন্ধু আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে জীবননগরের পাকা দাসপাড়া এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিয়ামের মা বর্তমানে ভারতের একটি কর্মস্থলে অবস্থান করছেন। এই সুযোগে বাবা আজিজুল তার সহযোগী আক্তারকে সাথে নিয়ে মঙ্গলবার বিকেলে নিজ সন্তানকে অপহরণ করে একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছবি তুলে মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে সিয়ামকে হত্যার হুমকিও দেয় তারা। সন্তানের জীবন বাঁচাতে বিদেশ থেকে মা বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠালেও পুলিশি অভিযানে ধরা পড়ার সময় তাদের কাছ থেকে ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলা ডিবি ও জীবননগর থানা পুলিশ দ্রুত অভিযানে নেমে রাত সাড়ে ৯টার দিকে আসামিদের পাকড়াও করে। এসময় অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন ও ধারালো হাসুয়া জব্দ করা হয়েছে। এই ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ছবি-সংগৃহীত


