স্ফুলিঙ্গ ডেক্স :
কুমিল্লার দেবিদ্বারে এক অবলা প্রাণীকে নিষ্ঠুরতা থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতে হলো জুলুস মিয়া (৫৫) নামে এক কৃষককে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জুলুস মিয়া ওই গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। ৫ ছেলে ও ২ মেয়ের জনক এই দরিদ্র কৃষকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গ্রামের কামাল হোসেন (৩৫) নামে এক যুবক একটি কুকুরকে অহেতুক লাথি মারলে তার প্রতিবাদ করেন প্রতিবেশী জুলুস মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। অভিযোগ উঠেছে, সংঘর্ষের সময় ঘাতক কামাল হোসেন ওই কৃষকের অণ্ডকোষে সজোরে লাথি মারলে তিনি তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি মো. আকাশ জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দাদাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। এসময় হামলাকারীরা দেশীয় অস্ত্র উঁচিয়ে তাকেও প্রাণনাশের হুমকি দেয়। নিহতের বড় ছেলে ইব্রাহিম তার বাবার এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও ঘাতক কামালের ফাঁসি দাবি করেছেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযানে রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
প্রতীকী-ছবি


