নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী | ২৫ মার্চ ২০২৬
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মায় তলিয়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটির অবস্থান শনাক্ত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর প্রায় ৩০ ফুট গভীরে পন্টুনের নিচে বাসটির সন্ধান মেলে। তবে বাসটি পন্টুনের নিচে আটকে থাকায় এর দরজা বা জানালা কোনোটিই ভাঙা সম্ভব হচ্ছে না বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ও আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি দল বর্তমানে উদ্ধারকাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি বিশেষ ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। বিআইডব্লিউটিএ-র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় পানির নিচ থেকে বাসটি টেনে তোলার চেষ্টা চলছে।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা যাত্রী আব্দুল আজিজুল জানান, তিনি রাজবাড়ীর কালুখালী থেকে স্ত্রী ও সন্তানসহ বাসে উঠেছিলেন। বাসটি নদীতে পড়ার পর তিনি কোনোমতে সাঁতরে তীরে উঠলেও তার স্ত্রী ও শিশু সন্তান এখনো নিখোঁজ রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটিতে অর্ধশতাধিক যাত্রী থাকলেও মাত্র ৫ থেকে ৭ জন তীরে উঠতে পেরেছেন। বাকিদের উদ্ধারে এখন পর্যন্ত লড়াই চালাচ্ছেন ডুবুরিরা।
এদিকে, স্থানীয়রা অভিযোগ করেছেন যে উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল পৌঁছাতে দেরি করায় উদ্ধারকাজ শুরু করতে বিলম্ব হয়েছে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বাসটি দ্রুত ওপরে তোলার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানের ছবি।ভিডিও থেকে সংগৃহীত।


