স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোর শহরের ব্যস্ততম এমকে রোড এলাকার পরিচিত খাবার হোটেল ‘নাজমা হোটেল’-এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার পরিবেশন এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অকাট্য প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকালে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে হোটেলের রান্নাঘরে চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখতে পান কর্মকর্তারা। দেখা যায়, আগের দিনের বেঁচে যাওয়া পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে সাধারণ গ্রাহকদের খাওয়ানো হচ্ছিল। শুধু তাই নয়, রুটি ও পরোটার খামিতে মেশানো হচ্ছিল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন রাসায়নিক দ্রব্য (কেমিক্যাল)। এছাড়া হোটেলের ভেতরে যত্রতত্র আবর্জনার স্তূপ এবং অপরিচ্ছন্ন স্থানে খাবার মজুত করার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে সেই জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ছবি সংগৃহীত।


