স্ফুলিঙ্গ ডেক্স :
নিখোঁজের একদিন পর সৈকত (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সৈকত গাইবান্ধা জেলার রঞ্জু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। স্বজনরা জানান, গত রবিবার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ওই রাতেই ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার বিকেলে উত্তর নরসিংহপুর এলাকার একটি নির্জন ও পরিত্যক্ত জায়গায় শিশুটির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। তিনি আরও বলেন, “একটি শিশুকে এভাবে গলা কেটে হত্যা করা অত্যন্ত বর্বরোচিত। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
ছবি-সংগৃহীত

