নতুন পোশাকে ঈদগাহে যাওয়া হলো না শরিফুলের: বাড়ি ফেরার পথে ঝরল প্রাণ

নতুন পোশাকে ঈদগাহে যাওয়া হলো না শরিফুলের: বাড়ি ফেরার পথে ঝরল প্রাণ

স্ফুলিঙ্গ ডেক্স: ২১ মার্চ ২০২৬

​পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন শরিফুল ইসলাম (৩০)। স্বজনদের সাথে একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ার সব প্রস্তুতিও ছিল তুঙ্গে। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিল আজন্ম বিষাদে। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে নতুন পোশাকের বদলে শরিফুলকে ফিরতে হলো সাদা কাফনে মোড়ানো অবস্থায়।

​শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজৈর-কোটালীপাড়া সড়কের বৈকণ্ঠপুর এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের ইউপি সদস্য মোকসেদ আলী শেখের ছেলে। তিনি ফরিদপুরের সদরপুরে ওজোপাডিকো-তে কর্মরত ছিলেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সদরপুর থেকে মোটরসাইকেলে করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন শরিফুল। পথে বৈকণ্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে তার মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। ধারণা করা হচ্ছে, ভোরের হালকা বৃষ্টিতে পিচ্ছিল সড়ক ও দ্রুত গতির কারণেই এই দুর্ঘটনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​এই মর্মান্তিক খবরে পুরো টুপুরিয়া গ্রাম এখন শোকে স্তব্ধ। শোকের তীব্রতায় গ্রামের কয়েকশ মানুষ আজ ঈদের নামাজও আদায় করতে পারেননি। শরিফুলের চাচাতো ভাই মেহেদী হাসান মারুফ জানান, “আমরা সবাই বাড়িতে ওর জন্য অপেক্ষা করছিলাম একসাথে নামাজ পড়তে যাব বলে। কিন্তু ভাইয়ের আসার বদলে এলো তার নিথর দেহ।”

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ড জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সংগৃহীত ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *