নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের হানা : তেলের বড় চালান জব্দ!

নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের হানা : তেলের বড় চালান জব্দ!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে পাচারের সময় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মোট ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় জড়িত দুই তেল ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম। সেখানে একটি ভ্যান ও ট্রাক্টরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেলের মালিক পিন্টু শেখকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এর ঠিক এক ঘণ্টা পর কালিয়া উপজেলার কলবাড়িয়া এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। সেখান থেকে একটি ট্রাকে থাকা ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। বৈধ নথিপত্র না থাকায় তেলের মালিক খাইরুল শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম জানান, জব্দকৃত তেলগুলো খুলনার ডুমুরিয়া ও হরিণটানা এলাকা থেকে অবৈধভাবে কালিয়ায় আনা হয়েছিল। বর্তমানে এই বিপুল পরিমাণ ডিজেল কালিয়া ফিলিং স্টেশনের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে এসব তেল সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *