স্ফুলিঙ্গ ডেক্স : ( ২০ মার্চ ২০২৬)
ক্ষমতার দাপট আর প্রভাব খাটিয়ে শত একর জমি জবরদখলের অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে আটকা পড়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মঈনুল হক। আওয়ামী লীগ সরকারের আমলে ময়মনসিংহের পুলিশ সুপার থাকাকালীন ব্যক্তিমালিকানাধীন ও বন বিভাগের প্রায় ১০০ একর জমি দখলের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।
আলোচিত এই পুলিশ কর্মকর্তা এক সময় যশোরের পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। যশোরে থাকাকালীন তার কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা থাকলেও, ময়মনসিংহের জমি দখলের বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রি।
দুদক সূত্র জানায়, ডিআইজি মঈনুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়ার পর একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে অভিযোগের সত্যতা মেলায় কমিশন এখন পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে।
অভিযোগে প্রকাশ, ডিআইজি মঈনুলের সঙ্গে ডিবির সাবেক বিতর্কিত প্রধান হারুন-অর-রশিদের গভীর সখ্য ছিল। হারুনের প্রভাবেই তিনি ডিআইজি পদে পদোন্নতি এবং পরবর্তীতে খুলনা রেঞ্জের গুরুত্বপূর্ণ দায়িত্ব বাগিয়ে নেন বলে জানা গেছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে ওএসডি করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয় এবং বর্তমানে তিনি সারদা পুলিশ একাডেমিতে দায়িত্বরত থাকার কথা থাকলেও তাকে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। মঈনুল হক এবং তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ছবি-সংগৃহীত


