স্ফুলিঙ্গ রিপোর্ট : খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় দিনদুপুরে এক সাবেক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরস্থ কেডিএ কল্পতরু মার্কেটে নিহতের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাশিকুল আনাম রাশু (৩৫)। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি কল্পতরু মার্কেটে ইট, বালু ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাশু তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন। এসময় হঠাৎ একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার পর ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা হাসপাতালে ভিড় জমান। এসময় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
ছবি-সংগৃহীত

