স্ফুলিঙ্গ ডেক্স :
দাম্পত্য কলহ বা অশান্তির পেছনে নানাবিধ কারণ থাকলেও এবার চাঁদপুরে এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে থানায় হাজির হয়েছেন অদ্ভুত এক অভিযোগ নিয়ে। স্বামীর মুখের তীব্র দুর্গন্ধ এবং এর প্রতিকার চাইতে গিয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পারভীন আক্তার (৫০) নামের এক নারী। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনাটি বর্তমানে জেলাজুড়ে টক অব দ্য টাউন।
উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামীর মুখে দীর্ঘদিন ধরে তীব্র দুর্গন্ধ বিরাজ করছে। তিনি বারবার স্বামীকে মুখ পরিষ্কার রাখার অনুরোধ করলেও স্বামী তাতে কর্ণপাত না করে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তাকে প্রায়ই গালাগাল ও শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ তার। দুর্গন্ধের কারণে একই ঘরে বসবাস করাও তার জন্য অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি করেন ভুক্তভোগী ওই নারী।
বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর স্বামী-স্ত্রী উভয় পক্ষকেই থানায় ডাকা হয়। যেহেতু তারা দুজনই বয়স্ক, তাই আভিজাত্য ও পারিবারিক শান্তি বজায় রাখতে পুলিশি মধ্যস্থতায় বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে। স্বামী তার ভুল স্বীকার করেছেন এবং ভবিষ্যতে পরিচ্ছন্নতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
ছবি-সংগৃহীত


