স্ফুলিঙ্গ ডেক্স : চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে কক্সবাজারের রামুতে একটি ফিলিং স্টেশনে শটগান উঁচিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে বি কে আজম নামের এক প্রভাবশালী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রামুর একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত লাইসেন্সকৃত শটগানটিও জব্দ করা হয়েছে। অভিযুক্ত আজম ‘বি কে আজম ব্রিকফিল্ড’ নামের একটি স্থানীয় ইটভাটার মালিক।
ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের এশিয়া পেট্রোল পাম্পে নিজের প্রাইভেট কার নিয়ে তেল নিতে যান আজম। বর্তমানে জ্বালানি সংকটের কারণে প্রশাসনের নির্দেশে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। কিন্তু আজম সেই নিয়ম না মেনে অতিরিক্ত তেল দাবি করেন। পাম্পের কর্মচারীরা অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে প্রথমে মারধর শুরু করেন এবং পরে গাড়ি থেকে শটগান বের করে গুলি করতে উদ্যত হন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই তাণ্ডবের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নুরুল হক এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ছবি-সংগৃহীত


