ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

স্ফুলিঙ্গ ডেক্স : ২৫ মার্চ ২০২৬

কক্সবাজার শহরের কবিতাচত্বর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোরশেদ আলম (২২) নামে এক ‘জুলাই যোদ্ধা’ ও ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খোরশেদ কক্সবাজার পৌরসভার ইসুলুর ঘোনা এলাকার শাহ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে কবিতাচত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুই যুবক খোরশেদকে লক্ষ্য করে হামলা চালায়। তার পেট ও পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তার বন্ধুরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু শাহজাহান জানান, খোরশেদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের সময় তিনি বারবার পানি চাইছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা ঝাউতলা এলাকার বাসিন্দা হতে পারে। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানায়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খালিদ বিন সাঈদ বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দ্রুত খুনিদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় জুলাই আন্দোলনের কর্মীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *