চলন্ত মাইক্রোবাসে বিস্ফোরণ: আইল্যান্ডে ধাক্কা লেগে ভাই-বোনসহ ৩ জন নিহত!

চলন্ত মাইক্রোবাসে বিস্ফোরণ: আইল্যান্ডে ধাক্কা লেগে ভাই-বোনসহ ৩ জন নিহত!

স্ফুলিঙ্গ ডেক্স: সকাল সাড়ে সাতটার শান্ত মহাসড়ক মুহূর্তেই হয়ে উঠল এক মৃত্যুপুরী। ঢাকা থেকে রংপুরের আপন ঠিকানায় ফেরার পথে বগুড়ার শেরপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় ঝরল একই পরিবারের তিনজনের প্রাণ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস আইল্যান্ডে আছড়ে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বুধবার সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের সোনকা এলাকায় পৌঁছাতেই বিকট শব্দে মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো- চ ১৯-৩০৪১) গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। চালক নিয়ন্ত্রণ হারানোর সাথে সাথেই গাড়িটি মহাসড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা খায়। দুমড়েমুচে যাওয়া গাড়ির ভেতর থেকে বেড়িয়ে আসে আর্তনাদ। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন, আর হাসপাতালে যাওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

নিহত তিনজনই রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ এলাকার বাসিন্দা। তারা হলেন— বেসরকারি চাকরিজীবী মমিনুল ইসলাম, তার বোন গৃহিণী শিউলি বেগম এবং স্বজন তায়েবা। একই পরিবারের তিন সদস্যকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।

এই দুর্ঘটনায় আরও ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ১ বছরের শিশু ফাতেমা ও ৭ বছরের আরহামও রয়েছে। তাদের সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা এখনো সংকটাপন্ন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ছবি সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *