স্ফুলিঙ্গ ডেক্স :
ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন চট্টলা এক্সপ্রেসের শত শত যাত্রী। স্বাধীনতা দিবসের সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএমএ গেট এলাকায় চলন্ত ট্রেনের পাওয়ার কারে (বিদ্যুৎ সরবরাহকারী বগি) দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। তবে এক বৃদ্ধ যাত্রীর সময়োচিত সতর্কতায় বড় ধরনের প্রাণহানি থেকে বেঁচে গেছেন ট্রেনের ১৭টি বগির যাত্রীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকা অতিক্রম করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের এক বয়স্ক যাত্রী ওয়াশরুমে যাওয়ার সময় হঠাত্ ‘চ’ বগির সামনের পাওয়ার কার থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। তার গগনবিদারী চিৎকারে মুহূর্তেই পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রেনের কর্মকর্তা এবং নিকটস্থ বিএমএ-র সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেন। তারা আগুনের উৎস থেকে অন্য বগিগুলো বিচ্ছিন্ন করে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে ট্রেনের পাওয়ার কার এবং পাশের একটি এসি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। রেল পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বগিটি সরিয়ে নতুন বগি সংযোগের কাজ চলছে। সাময়িকভাবে ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লাইন ব্যবহার করে রেল যোগাযোগ সচল রাখা হয়েছে।
ছবি-সংগৃহীত


