স্ফুলিঙ্গ ডেক্স : গাজীপুরের কালিয়াকৈরে গরুর মাংসের নামে ঘোড়া জবাই করে বিক্রির এক ভয়ঙ্কর প্রতারণা রুখে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে উপজেলার খলিশাজানি এলাকায় বনের নির্জন প্রান্তে অভিযান চালিয়ে এই চক্রের ৫ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জবাইয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ট্রাকে থাকা ৯টি জীবিত ঘোড়া।
পুলিশের অভিযানে আটক হওয়া ৫জন হলেন: শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম (২৯) ,কালিয়াকৈরের রামচন্দ্রপুর এলাকার মুন্না মিয়া (২৩) ,গাজীপুর মহানগরীর এরশাদ নগর এলাকার সাজ্জাদ হোসেন (২৬) , শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার মাহমুদ মাঝি (৩৯) , ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার আবুল পাটোয়ারী (৪৬) ।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ মার্চ কালিয়াকৈরের বাঘাইর এলাকায় ঘোড়ার চামড়া ও হাড়গোড় পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়। এরপর থেকেই পুলিশ নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে খলিশাজানি এলাকায় সরকারি বনের পাশে অভিযান চালায় কালিয়াকৈর থানা পুলিশ। সেখানে ট্রাকে করে আনা ঘোড়াগুলো জবাই করার চূড়ান্ত প্রস্তুতি চলছিল। ঠিক তখনই পুলিশি হস্তক্ষেপে হাতেনাতে ধরা পড়ে এই চক্রটি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “এই চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস বিভিন্ন হোটেলে গরুর মাংস হিসেবে সরবরাহ করে আসছিল। আজ জবাইয়ের ঠিক আগ মুহূর্তে আমরা অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছি এবং ৯টি ঘোড়া জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি।” এই প্রতারণার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উদ্ধারকৃত জীবিত ৯টি ঘোড়া, ছবি সংগৃহীত।


