জাল টাকাসহ তৈরী করার সরঞ্জাম উদ্ধার: আটক-১
স্ফুলিঙ্গ ডেক্স: পড়াশোনা করেছেন মার্কেটিংয়ে স্নাতক, এরপর বেকারত্ব দূর করতে শিখেছিলেন গ্রাফিক্স ডিজাইন। কিন্তু সেই দক্ষতাকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত বেছে নিলেন অপরাধের পথ। ইউটিউব দেখে জাল নোট তৈরির কৌশল শিখে বাজারে জাল টাকা ছড়ানোর অভিযোগে মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানিরহাটে জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় স্থানীয়রা ফারুককে হাতেনাতে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভুঞার একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকার সমপরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, বিশেষ ধরনের প্রিন্টার, পেনড্রাইভ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। সে দাগনভুঞার মুন্সীরহাট বাজারের একটি দোকানে বসে এসব অপকর্ম চালাত।
তদন্তে উঠে এসেছে, ফারুক ঢাকার একটি কলেজ থেকে স্নাতক শেষ করার পর চাকরি না পেয়ে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেন। পরবর্তীতে একটি প্রিন্টিংয়ের দোকানে কাজের আড়ালে ইউটিউব ও ওয়েবসাইট ঘেঁটে জাল নোট ছাপানোর নিখুঁত পদ্ধতি রপ্ত করেন। আসন্ন ঈদুল ফিতরকে লক্ষ্য করে বড় অংকের জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তার।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


